রোববার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত এক জ্বালানি সম্মেলনে বিশেষজ্ঞরা বলেন, দেশের ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। তারা সতর্ক করেন যে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে বাংলাদেশ জ্বালানি নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে। যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক তেলের বাজার অস্থির হয়ে পড়ায় এর প্রভাব বাংলাদেশের বাজারেও পড়েছে। আলোচনায় নবায়নযোগ্য জ্বালানি পণ্যের ওপর ভ্যাট ও ট্যাক্স কমানোর দাবি জানানো হয়।
বক্তারা জানান, বর্তমানে নবায়নযোগ্য উৎস থেকে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের মাত্র ২ থেকে ৩ শতাংশ আসে। তারা বলেন, সময়মতো নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর না হলে সংকট আরও তীব্র হতে পারে। সরকারকে দ্রুত তেল আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে কার্যকর মাস্টারপ্ল্যান গ্রহণের আহ্বান জানানো হয়।
সরকারের ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যকে ইতিবাচক উল্লেখ করে বক্তারা ভবিষ্যতে অনিয়ম রোধ, দক্ষ জনবল তৈরি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।