প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের অর্জন কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, এটি সবার। তিনি প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আইন অনুযায়ী সব হত্যাকাণ্ডের বিচার হবে, তবে বিচারের নামে যেন অবিচার না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী জানান, সরকার জুলাই আন্দোলনের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে এবং জাতিকে বিভক্ত না করে উন্নয়নের পথে এগিয়ে নেবে। তিনি ব্যক্তিগত ক্ষতি ও মানসিক যন্ত্রণার কথাও উল্লেখ করেন এবং বলেন, তার মা ও ভাইও প্রতিশোধ নয়, ঐক্যের পথেই দেশকে এগিয়ে নিতে বলতেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে ‘জুলাই স্মৃতি স্মারক’ তুলে দেন।