মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সম্ভাব্য হুমকির কারণে ইউরোপ বা ন্যাটোর আওতাধীন এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম সীমিত হবে না। বৃহস্পতিবার গ্রিস থেকে পর্তুগালের উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রুবিও জানান, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের প্রয়োজনীয় কোনো পদক্ষেপ হুমকির কারণে বন্ধ বা সীমিত হয়নি।
রুবিও বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যা করতে চায় বা যা করা প্রয়োজন, তার এমন কিছু নেই যা তারা এখন করতে পারছে না। তাঁর এ বক্তব্যের আগে সেপ্টেম্বরের শেষ দিকে যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে নিরাপত্তাজনিত সতর্কতার পর পেন্টাগন সেখান থেকে সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ঘাঁটিতে সরিয়ে নেয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ওই ঘটনার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার জোরালো ইঙ্গিত থাকার কথা বলেছিলেন, যদিও তেহরান অভিযোগটি প্রত্যাখ্যান করে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেন, কিছু নির্দিষ্ট হুমকির কারণেই বোমারু বিমানগুলো ফেয়ারফোর্ড থেকে সরানো হয়েছিল।