রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জাতীয় সংসদে জানান, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে এ বছর ভারত থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ কোচ সরবরাহ শুরু হবে। বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে জামায়াতের এমপি ইলিয়াস মোল্লা ও রুহুল আমিনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। জুন ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৭ সালের মধ্যে কোচগুলো সরবরাহ সম্পন্ন হবে এবং সেগুলো রেলওয়ের বহরে যুক্ত করা হবে।
মন্ত্রী জানান, বর্তমানে দেশে ৩,৪২৮.০৯ কিলোমিটার রেলপথ রয়েছে, যার মধ্যে মিটারগেজ, ব্রডগেজ ও ডুয়েলগেজ লাইন অন্তর্ভুক্ত। নতুন ব্রডগেজ ও ডুয়েলগেজ লাইন স্থাপনের মাধ্যমে রেলওয়ের নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে। কোচগুলো পাওয়া গেলে নতুন ট্রেন পরিচালনার জন্য রুট নির্ধারণ করা হবে, বিশেষ করে ঢাকা ও উত্তরবঙ্গের মধ্যে আন্তঃনগর ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, যাত্রীসেবা উন্নয়ন ও মালামাল পরিবহন বাড়াতে ২৬০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ৫০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের প্রকল্প অনুমোদনের কাজ চলছে।