ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ইরানের সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কায় দেশটির সামরিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম কান জানায়, যুক্তরাষ্ট্র ইরানে নতুন হামলা চালালে ইসরাইলও তাতে অংশ নিতে প্রস্তুত এবং ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। প্রতিবেদনে বলা হয়, রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে অর্ধঘণ্টার বেশি সময় ধরে ফোনালাপ হয়, যেখানে ইরানকে ঘিরে সম্ভাব্য সংঘাতের বিষয় উঠে আসে।
চ্যানেল ১২ জানায়, ‘ইরানে পুনরায় যুদ্ধ প্রস্তুতির ছায়ায়’ এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং ইতোমধ্যে ইসরাইলি সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। তেল আবিব আশা করছে, যুক্তরাষ্ট্র কোনো হামলার সিদ্ধান্ত নিলে আগাম জানানো হবে, যদিও সম্ভাব্য সময় সম্পর্কে তারা নিশ্চিত নয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের সঙ্গে নতুন সংঘাতে না জড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে চীনসহ বিভিন্ন পক্ষের চাপের মুখে রয়েছেন ট্রাম্প।