বাংলাদেশ ব্যাংক ট্যুর অপারেটরদের বাংলাদেশি টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রির অনুমতি দিয়েছে। এ জন্য তারা বিদেশি সেবা প্রদানকারীদের প্রয়োজনীয় অর্থ বৈদেশিক মুদ্রায় পাঠাতে পারবেন। এ সংক্রান্ত সার্কুলার রোববার জারি করা হয়েছে। সুবিধাটি পাবেন ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা টোয়াবের সদস্য অপারেটররা, যাদের বিদেশি ট্যুর অপারেটর, হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে চুক্তি বা ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।
নতুন নিয়মে বাংলাদেশি ভ্রমণকারীর কাছ থেকে টাকায় প্যাকেজের মূল্য নিয়ে বিদেশি প্রতিষ্ঠানের আবাসন, পরিবহনসহ ভ্রমণের প্রকৃত খরচ বৈদেশিক মুদ্রায় পরিশোধ করা যাবে। নিয়মিত বার্ষিক ভ্রমণ কোটার বাইরে একজন ভ্রমণকারীর জন্য বছরে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পাঠানো যাবে। লেনদেনের তথ্য ভ্রমণকারীর পাসপোর্ট নম্বরের বিপরীতে সংরক্ষণ করতে হবে এবং অন্য অপারেটরের মাধ্যমে সীমা অতিক্রম হয়নি বলে ঘোষণা নিতে হবে।
৩ হাজার ডলারের বেশি মূল্যের প্যাকেজও বিক্রি করা যাবে, তবে অতিরিক্ত মূল্য আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হবে। অর্থ পাঠানোর আগে ইনভয়েস, চুক্তি, ভ্রমণসূচি, ভ্রমণকারীদের তালিকা ও টাকায় অর্থ নেওয়ার প্রমাণ যাচাই করতে হবে। অনুমোদিত ডিলার ব্যাংককে অর্থ পাঠানোর সাত দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে তথ্য দিতে হবে। ব্যবসায়ীরা বলছেন, এতে গ্রাহকের লেনদেন সহজ হবে এবং বিদেশমুখী পর্যটন ব্যবসা আরও স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক হবে।