তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আংকারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে অংশ নেওয়া প্রতিটি রাষ্ট্র ও সরকারপ্রধানকে তাজা গুলিসহ একটি ব্যক্তিগত রিভলবার উপহার দিয়েছেন। প্রতিটি অস্ত্রে সংশ্লিষ্ট নেতার নাম খোদাই করা ছিল। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাম খোদাই করা রিভলবারটি ব্রিটেনে নেওয়া হয়নি; এটি তুরস্কে অবস্থানরত ব্রিটিশ কর্মকর্তাদের কাছেই রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, অস্ত্রটি যুক্তরাজ্যে পাঠানোর আগে নিষ্ক্রিয় করা হবে যাতে এটি দিয়ে আর গুলি ছোড়া না যায়।
এরদোয়ান এ উপহার দেওয়ার ক্ষেত্রে তুরস্কের রপ্তানি নিয়ন্ত্রণ আইন শিথিল করেছিলেন, যদিও যুক্তরাজ্যে অনুমতি ছাড়া তাজা আগ্নেয়াস্ত্র আমদানি করা অবৈধ। ডাউনিং স্ট্রিট রিভলবারটির কোনো ছবি প্রকাশ করেনি। সম্মেলনের ফাঁকে স্টারমার ও এরদোয়ান একটি প্রতিরক্ষাচুক্তি স্বাক্ষর করেন, যা দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান সহজ করবে।
সম্মেলন শেষে স্টারমার জানান, ন্যাটো এখন আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ। ইউক্রেন ও ইরানের চলমান সংঘাতের সময়ে এই ঐক্য বজায় রাখা জরুরি বলে তিনি উল্লেখ করেন। এটি ছিল তার পদত্যাগ ঘোষণার পর শেষ বড় আন্তর্জাতিক সম্মেলন।