পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে বৃহস্পতিবার দুপুরে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ফলে পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন এবং কলেজ গেটের সামনে ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়।
ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সজিব হাসান জানান, তাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল এবং কলেজ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, দুপুরে মিছিল নিয়ে কলেজ গেটে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন, এরপর সংঘর্ষ শুরু হয়। অন্যদিকে, ছাত্রদলের কলেজ শাখার সহ-সভাপতি ইমরান হোসেন খান অভিযোগ করেন, ১০০–১৫০ জন শিবির কর্মী বহিরাগতদের সঙ্গে নিয়ে হামলা চালায়, মারধর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।
ঈশ্বরদী থানার ওসি মো. আশাদূর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উভয় পক্ষ ক্যাম্পাস ত্যাগ করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।