সরকারি চাকরির নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার বা ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার রাত ১০টার দিকে হাদী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়, যেখানে শিক্ষার্থীরা অবস্থান নেন।
বিক্ষোভকারীরা মেধাভিত্তিক নিয়োগের পক্ষে এবং ভাইভায় বাড়তি নম্বরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। গণিত ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম নাহিদ বলেন, মেধার মূল্যায়নে কারচুপি বা হস্তক্ষেপের চেষ্টা শিক্ষার্থীরা মেনে নেবেন না। গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুলতান মাহমুদ বলেন, ভাইভা বোর্ডে অতিরিক্ত নম্বর স্বজনপ্রীতি, রাজনৈতিক বিবেচনা ও আঞ্চলিক প্রভাবের সুযোগ তৈরি করতে পারে।
সম্প্রতি সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগে নতুন নম্বরবণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত নিয়মে ১১ ও ১২তম গ্রেডে ১০০ নম্বরের মধ্যে লিখিত ৫০ ও মৌখিক ৫০ নম্বর থাকবে। ১৩ থেকে ১৬তম গ্রেডে লিখিত ৬০ ও মৌখিক ৪০ নম্বর এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ৫০ নম্বরের মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষায় ২৫ করে নম্বর নির্ধারণ করা হয়েছে।