সৌদি আরব হুথিদের হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইরানের মধ্যস্থতায় ১০০ কোটি ডলারের আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছে বলে ইসরাইল হায়োমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। উপসাগরীয় কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সৌদি অবকাঠামো লক্ষ্য করে হুথিদের হামলা পুরোপুরি বন্ধ করাই প্রস্তাবটির মূল উদ্দেশ্য। বিষয়টি নিয়ে তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের আকস্মিক সফরে আলোচনা হয়েছে বলেও জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, আঞ্চলিক উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাব দেয় ইরান। এতে আরও দাবি করা হয়, হারকিউলিস সামরিক পরিবহন বিমানে তেহরানে যাওয়ার সময় সৌদি প্রতিরক্ষামন্ত্রী সঙ্গে ১০০ কোটি ডলার নিয়েছিলেন। তবে আর্থিক সহায়তার প্রস্তাব এবং সংশ্লিষ্ট আলোচনার বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, খালিদ বিন সালমান ও মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের সদস্যদেশগুলোর প্রতিনিধিদের তেহরান সফর চলমান সংকটে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ। সফরের উদ্দেশ্য সংলাপ ও কূটনৈতিক সমাধান উৎসাহিত করা এবং কাতার ও পাকিস্তানের মধ্যস্থতার উদ্যোগকে সমর্থন করা। প্রতিবেদনে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন এবং কয়েকজন ইরানি কর্মকর্তার উপস্থিতির কথাও বলা হয়েছে।