নেপাল-তিব্বত সীমান্তে বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে এবং শত শত তীর্থযাত্রী ও পর্যটক নিখোঁজ রয়েছেন। তীর্থযাত্রী ও ভ্রমণকারীদের কাছে জনপ্রিয় বিস্তীর্ণ এলাকা এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে নেপালে পাঁচ শতাধিক পর্যটক নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেলেও দুর্যোগের প্রকৃত মাত্রা স্পষ্ট হলে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিখোঁজদের মধ্যে ভারতের ১০০ জনের বেশি, যুক্তরাষ্ট্রের ৫৪ জন, যুক্তরাজ্যের ৩৩ জন এবং নেপালের শতাধিক নাগরিক রয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম তিব্বতে অন্তত তিনজন নিহত ও ২৬৫ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছে। নেপাল পুলিশ ৩৩ ব্রিটিশ নাগরিকের সন্ধান না পাওয়ার কথা বলেছে এবং নেপালের একটি পর্যটন বোর্ড জানিয়েছে, ২৪ কানাডীয় নাগরিক নিখোঁজ। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৫৩ ইউক্রেনীয় নাগরিক নিখোঁজ হলেও তাঁদের নিহত বা আহত হওয়ার তথ্য নেই।
অস্ট্রেলিয়া বলেছে, ক্ষতিগ্রস্ত এলাকায় তাদের কয়েকজন নাগরিক ছিলেন এবং কর্মকর্তারা স্থানীয় কর্তৃপক্ষ ও ট্যুর অপারেটরদের সঙ্গে কাজ করছেন। রসুওয়া জেলায় ট্রেকিংয়ে গিয়ে ১৭ মালয়েশীয় পর্যটক নিখোঁজ হয়েছেন। একই জেলায় ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত আট দক্ষিণ কোরীয় প্রকৌশলী ও শ্রমিকও নিখোঁজ। বিচ্ছিন্ন এলাকায় দুই ইতালীয় নাগরিক ও তাঁদের গাইড আটকা পড়েছেন; তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।