উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীন মৌলিক সাক্ষরতা প্রকল্পের (৬৪ জেলা) সাবেক ৫৭ জন উপজেলা প্রোগ্রাম অফিসারকে স্থায়ী করার বিষয়ে হাইকোর্ট রুল জারি করেছে। সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি শেষে সংশ্লিষ্টদের প্রতি দুই সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। রিটে আবেদনকারীরা স্থায়ী পদে অন্তর্ভুক্তির নির্দেশনা চেয়েছিলেন।
রিটে উল্লেখ করা হয়, ২০১৬ ও ২০১৮ সালের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা নিয়োগ পান এবং দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। প্রকল্পটি ২০২২ সালে শেষ হলেও ধারাবাহিকতা রক্ষায় সরকার ২০২০ সালে ৪৯১টি উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা পদ সৃষ্টি করে। ২০২৩ সালের ২৫ অক্টোবর প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য সারসংক্ষেপ পাঠানো হলেও তা যথাযথভাবে উপস্থাপন না করে ফেরত পাঠানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
আবেদনকারীরা দাবি করেন, তাঁদের স্থায়ী না করা বৈষম্যমূলক এবং সংবিধানের সমতা নীতির পরিপন্থি। তাঁরা আরও আশঙ্কা প্রকাশ করেন যে, ২০২৫ সালের ডিসেম্বরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে তাঁদের জন্য পদ সংরক্ষণ না থাকলে তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন।