২০২৬ সালের ২ মার্চ সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রী-শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস। পরিদর্শন শেষে তিনি সেবাশ্রমের কার্যকরী পরিষদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, রামকৃষ্ণ মিশন সেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে অসাম্প্রদায়িক চেতনা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বাংলাদেশ-ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়তা করছে।
সভায় সভাপতিত্ব করেন সেবাশ্রমের কার্যকরী পরিষদের সভাপতি ডা. নিবাস চন্দ্র পাল এবং সঞ্চালনা করেন শ্রীমঙ্গল সারদা সমিতির সহ-সভাপতি দীপশিখা ধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত দ্বিতীয় সচিব (PIC&E) ভারতীয় সহকারী হাই-কমিশনার রাজেশ ভাটিয়া, যিনি মিশনের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন। সাধারণ সম্পাদক নির্মলেন্দু ভট্টাচার্যসহ কার্যকরী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। অনিরুদ্ধ দাস মিশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।