মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে শনিবার বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিরপুর জোন, ঢাকা মহানগরী। ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। মিছিলটি শাহ আলী মাজার গেইট থেকে শুরু হয়ে মিরপুর-১ গোলচত্বরে পথসভার মাধ্যমে শেষ হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কেন্দ্রটিতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
বিক্ষোভে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা রাতে কেন্দ্রটিতে লুটপাটের পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালিয়েছে। গত এক দশক ধরে অসহায় মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া একটি প্রতিষ্ঠানে হামলাকে তিনি ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।
মাহফুজুর রহমান সরকারের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিচারের দাবি জানান। তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং দরিদ্র মানুষের সেবাদানকারী প্রতিষ্ঠানের দিকে নজর না দেওয়ার সতর্কতা দেন। বিশেষ অতিথি ছিলেন আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন ডা. মঈন উদ্দিন, আব্দুল্লাহ মুয়াজ ও মনিরুল ইসলাম মৃধাসহ অন্যরা।