সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মুহাম্মদ মনির বলেছেন, জুলাই সনদের মূল সমস্যা এর বাস্তবায়ন প্রক্রিয়ায়, বিষয়বস্তুতে নয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই চেতনা থেকে রাষ্ট্র সংস্কার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর সরকার সংবিধান সংস্কারের পূর্বনির্ধারিত কাঠামো পরিবর্তন করেছে এবং পরিকল্পিত গণভোটও অনুষ্ঠিত হয়নি। নির্ধারিত কাঠামো অনুযায়ী ১৮০ দিনের মধ্যে সংস্কার সম্পন্ন ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের কথা থাকলেও পরিষদের সদস্যরা শপথ না নেওয়ায় কার্যক্রম শুরু হয়নি। মোট ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৪৭টি সংবিধান সংশ্লিষ্ট ও ৩৭টি সংবিধানের বাইরের ছিল, যার মধ্যে ৩০টিতে ঐকমত্য হয়।
তিনি রাজনৈতিক অচলাবস্থা দূর করতে কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেন এবং প্রধানমন্ত্রীত্বে মেয়াদসীমা ও দল ও সরকারের নেতৃত্ব পৃথক রাখার প্রস্তাব দেন। দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামো অদৃশ্য শক্তির প্রভাব বাড়ায় বলে তিনি সতর্ক করেন এবং তরুণদের সৎ ও দক্ষ নেতৃত্বের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।