দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদকে সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সচিব পদমর্যাদার (গ্রেড-১) এই নিয়োগের প্রজ্ঞাপন রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখা থেকে জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে এই নিয়োগ কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। দীর্ঘ সাংবাদিকতা জীবনে সৈয়দ আবদাল আহমদ ১৯৯২-৯৬ সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেসসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৯ সালে ফিলিপস পুরস্কার, এসকাপ-এফইজেবি পুরস্কার এবং ২০২৫ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আজীবন সম্মাননা লাভ করেন।
তিনি জাতীয় প্রেসক্লাবের দুই মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন এবং নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি রাজনীতি, সাহিত্য ও সমাজবিষয়ক ২০টিরও বেশি বইয়ের লেখক।