বিরাট কোহলি জানিয়েছেন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপই হবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ভারতীয় মিডিয়া জিওস্টারকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আগামী বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের যৌথ আয়োজনে ৫০ ওভারের এই বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিদেশের ভিন্ন কন্ডিশন এবং শরীর ও মনের ওপর দীর্ঘমেয়াদি চাপের বিষয়টি বিবেচনায় রেখেই তিনি এই পরিকল্পনা করেছেন।
৩৭ বছর বয়সী কোহলি বলেন, ভারতের হয়ে এটিই তার শেষ বিশ্বকাপ এবং মাঠে নিজের সবটুকু দেওয়ার প্রধান অনুপ্রেরণা। ২০২৪ সালের জুনে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তিনি টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানান। এরপর ২০২৫ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন। বর্তমানে তিনি ভারতের হয়ে নিয়মিত শুধু ওয়ানডে ফরম্যাটেই খেলছেন।
২০১১ সালে প্রথম বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হওয়া কোহলি পরে আরও তিনটি আসরে খেলেছেন। ২০২৩ সালের ঘরের মাঠের বিশ্বকাপে ৭৬৫ রান করে তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক, যা এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড। বিশ্বকাপে ৩৭ ম্যাচে ৫৯.৮৩ গড়ে তার রান ১,৭৯৫; আছে পাঁচটি সেঞ্চুরি ও ১২টি ফিফটি। শচীন টেন্ডুলকারের ২,২৭৮ রানের রেকর্ড থেকে তিনি ৪৮৪ রান দূরে।