বাংলাদেশের লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল ও নজরদারি জোরদার করেছে। ১৫ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে। ভারতে অবস্থানরত বাংলাভাষী মুসলিমদের ‘অবৈধ’ তকমা দিয়ে বাংলাদেশে পুশইনের আশঙ্কা তৈরি হওয়ায় সীমান্তবর্তী গ্রামগুলোতে উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। দিন ও রাতব্যাপী টহল কার্যক্রম বাড়ানো হয়েছে, যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ বা নিরাপত্তা বিঘ্নকারী তৎপরতা রোধ করা যায়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার পর সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মানব পাচার ও পুশইন প্রতিরোধে বিজিবি আপসহীন অবস্থানে রয়েছে এবং সীমান্তবাসীদের সতর্ক থাকতে মাইকিং করা হচ্ছে।