জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় আসামিকে দ্রুত গ্রেপ্তারের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রক্টর এ কে এম রাশিদুল আলম জানান, ১২ মে সংঘটিত ঘটনার পর থেকেই বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে এবং সর্বশেষ নির্দেশনা পাওয়ার পর অভিযান আরও জোরদার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্রে জানা গেছে, ১৬ মে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তার জন্য ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। জেলা পুলিশ, র্যাব, ডিবি, পিবিআই, সিআইডি ও ডিএমপি টিম দেশব্যাপী ম্যানুয়াল ও প্রযুক্তিনির্ভর অনুসন্ধান চালাচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার টিম ও র্যাব ইন্টেলিজেন্স উইং প্রযুক্তিগত তদন্ত অব্যাহত রেখেছে এবং তারা দ্রুত আসামি গ্রেপ্তারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিতভাবে এ বিষয়ে আপডেট পাচ্ছে।