মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে পর্যাপ্ত সমর্থন না দেওয়ায় কয়েকটি ইউরোপীয় মিত্র দেশের কঠোর সমালোচনা করেছেন। ওভাল অফিসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কোনো সাহায্যের প্রয়োজন ছিল না, তবে ইউরোপীয় সরকারগুলোর কাছ থেকে আরও জোরালো সমর্থন আশা করেছিল ওয়াশিংটন। তিনি ইতালি, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি ও ফ্রান্সের প্রতি হতাশা প্রকাশ করেন।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প এর আগেও ইউরোপীয় মিত্রদের বিরুদ্ধে ইরান যুদ্ধে পর্যাপ্ত সমর্থন না দেওয়ার অভিযোগ তুলেছিলেন। তার এই মন্তব্য ওয়াশিংটন ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা ও ন্যাটো জোটের দায়িত্ব ভাগাভাগি নিয়ে চলমান উত্তেজনাকে আরও স্পষ্ট করে তোলে।
মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই বক্তব্য যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে ইউরোপীয় দেশগুলোর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।