শ্রম, আবাসন ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে সপ্তাহব্যাপী দেশব্যাপী বিশেষ অভিযানে ১০ হাজার ৪৩১ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানে ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ১৩ হাজার ৮৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে ৬ হাজার ৭৮৫ জন আবাসন বা ইকামা আইন, ৩ হাজার ৭১০ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৩৯৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন। অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৩৮২ জনকে আটক করা হয়; তাঁদের ৬৬ শতাংশ ইথিওপীয়, ৩৩ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্য দেশের নাগরিক। অবৈধভাবে দেশত্যাগের চেষ্টাকালে আরও ৩৪ জন গ্রেপ্তার হন।
বর্তমানে ৩০ হাজার ৪৩৮ পুরুষ ও ২ হাজার ৬৭৫ নারীসহ ৩৩ হাজার ১১৩ জন অভিবাসী নির্বাসন ও আইনি প্রক্রিয়ায় রয়েছেন। ট্রাভেল ডকুমেন্টের জন্য ১৮ হাজার ৯৪৭ জনকে কূটনৈতিক মিশনে পাঠানো এবং ৪ হাজার ৫৯৬ জনকে ভ্রমণের প্রস্তুতি শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা কাজ দেওয়ার অভিযোগে ২১ জনও গ্রেপ্তার হয়েছেন।