‘কোয়ালিটি ইন দ্য এইজ অব এআই’ প্রতিপাদ্যে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ও টেস্টিংবিষয়ক ‘৪র্থ সিম্পোজিয়াম অন সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং’ আগামী ৫ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে। সোসাইটি ফর বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড বা বিএসটিবি দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। এতে ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশনস বোর্ডের বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লাউডিয়া দুসা-জিগার এবং সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অলিভিয়ের দেনু অংশ নেবেন।
বিএসটিবি বলেছে, এই দুই আন্তর্জাতিক নেতার উপস্থিতি বাংলাদেশের সফটওয়্যার প্রকৌশলীদের বৈশ্বিক কর্মপদ্ধতি ও সার্টিফিকেশন ইকোসিস্টেম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একাডেমিক পার্টনার এবং ইন্টারন্যাশনাল সফটওয়্যার কোয়ালিটি ইনস্টিটিউট, আইএসকিউআই, এক্সাম ও ডব্লিউবিটি পার্টনার। সম্মেলনে সফটওয়্যার কোয়ালিটি, টেস্ট অটোমেশন, এআই টেস্টিং, টেস্টিং এআই, এআই অ্যাসুরেন্স, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং এবং বৈশ্বিক সফটওয়্যার বাজারে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
বিএসটিবি ২০৩০ সালের মধ্যে দেশে ১০ হাজার সার্টিফাইড টেস্ট ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্য নিয়েছে। সংস্থাটির প্রেসিডেন্ট ড. এম. নুরুজ্জামান বলেন, তাদের লক্ষ্য দক্ষতা থেকে কর্মসংস্থান এবং মানোন্নয়ন থেকে রপ্তানি। নিবন্ধন শুরু হয়েছে; অংশগ্রহণকারীরা মাস্টারক্লাস, কি-নোট, প্যানেল আলোচনা, নেটওয়ার্কিং, চাকরির সুযোগ অনুসন্ধান এবং আইএসটিকিউবির গ্লোবাল প্রেসিডেন্ট স্বাক্ষরিত সনদ পাওয়ার সুযোগ পাবেন।