ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর শেষ হয়েছে। নয় কার্যদিবসের এই সংক্ষিপ্ত অধিবেশনে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে কমিটির সভাপতির পদ, বিল এবং বিভিন্ন ইস্যুতে বারবার তীব্র বিতর্ক হয়। সমাপনী বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে দাবি করে সরকারি ও বিরোধী দলকে ধন্যবাদ জানান।
অধিবেশনে ছয়টি বিল পাস হয় এবং গ্যাস-বিদ্যুৎ সংকট, সার সরবরাহ ব্যবস্থাপনা ও সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে বিচার করার বিষয়ে সাধারণ আলোচনা হয়। জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল নিয়ে আংশিক সংস্কারের অভিযোগ তুলে বিরোধী দল ওয়াকআউট করে। সম্পত্তি হস্তান্তর বিল এবং র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠনের বিল নিয়েও তারা আপত্তি জানায়।
কমিটির সভাপতি পদ নিয়ে অন্তত চার কার্যদিবসে দুই পক্ষের বাহাস হয়। বিরোধী দল আসনের আনুপাতিক হারে ২৬ শতাংশ সভাপতির পদ দাবি করলেও সরকার ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করে বিরোধী দলকে নতুন কোনো পদ দেয়নি। ৫০টি সংসদীয় কমিটির মধ্যে বিরোধী দলের সভাপতির পদ রয়েছে মাত্র একটি।