যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় প্রতিশোধমূলক পাল্টা আঘাত করা হবে বলে ইরান সতর্ক করেছে। রয়টার্সের বরাতে প্রতিবেদনে বলা হয়, ২৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি খাত ও অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পর উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগে তেহরান এই বার্তা পৌঁছে দেয়।
দুটি ইরানি ও দুটি উপসাগরীয় সূত্র এবং এক জ্যেষ্ঠ আঞ্চলিক কূটনীতিক জানান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরব, কাতার ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের এবং পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন। তিনি উপসাগরীয় দেশগুলোকে ট্রাম্পকে নতুন হামলা থেকে বিরত রাখতে প্রভাব খাটানোর আহ্বান জানান। তাঁর বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র হামলা করলে উপসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হবে।
এক জ্যেষ্ঠ কূটনীতিকের মতে, ইরান প্রতিশোধের জন্য প্রস্তুত থাকলেও বৃহত্তর সংঘাত ও ধ্বংস এড়াতে কূটনৈতিক সমাধানকে সেরা পথ বলছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে সামরিক পদক্ষেপ স্থগিত, যুদ্ধবিরতি বজায় এবং আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। কাতার, ওমান ও সৌদি আরবও আলোচনায় ফেরার পক্ষে বলেছে। ২ আগস্ট ট্রাম্প বলেন, দ্রুত সমঝোতা হলে হামলার পরিকল্পনা বাতিল করতে তিনি সম্মত।