ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় মধ্যপ্রাচ্যে ২৬টির বেশি মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে এপি বলেছে, ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দাবি করা ১১৫টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষতি হয়েছে।
বিশ্লেষণে দেখা গেছে, হামলার শুরুতে মার্কিন ঘাঁটির আগাম সতর্কতাব্যবস্থা, রাডার ও বিমান প্রতিরক্ষাসংশ্লিষ্ট সরঞ্জাম লক্ষ্য করা হয়। এসব ব্যবস্থা দুর্বল হওয়ার পর বিমান হ্যাঙ্গার, গুদাম, সেনাদের আবাসন ও অন্যান্য স্থাপনায় হামলা চালানো হয়। কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অন্তত ৩০ বার হামলায় অন্তত ১৫টি হ্যাঙ্গারসহ গুদাম ও ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
বাহরাইন, ইরাক, জর্ডান, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন স্থাপনাও হামলার শিকার হয়েছে। আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির কারণে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে বহু বিমান, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও যোগাযোগ সরঞ্জাম সরিয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলেছে, তাদের সেনা ও ঘাঁটিগুলো সুরক্ষিত এবং প্রয়োজনীয় সক্ষমতা বজায় রয়েছে।