চীনের সানিয়ায় চলমান এশিয়ান বিচ গেমসে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তারা আনুষ্ঠানিকভাবে ব্রোঞ্জ পদক গ্রহণ করেছে। লাল-সবুজের জার্সিতে বিজয়মঞ্চে ওঠার সময় সৃষ্টি হয় আবেগঘন মুহূর্ত। কাবাডি ডিসিপ্লিনে স্বর্ণ জিতেছে ভারত, আর রৌপ্য পেয়েছে শ্রীলঙ্কা।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ পদকজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, এটি দেশের কাবাডির জন্য বড় এক মাইলফলক। পুরো টুর্নামেন্টে দলটি ছিল সংগঠিত ও আক্রমণাত্মক, যদিও সেমিফাইনালে ভারতের কাছে হারতে হয়েছে। তবুও তাদের লড়াই ক্রীড়া বিশ্লেষকদের প্রশংসা কুড়িয়েছে।
তিনি জানান, ১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে কাবাডিতে পদক জিতল বাংলাদেশ। এই অর্জন ভবিষ্যতে এশিয়ান গেমসসহ আন্তর্জাতিক আসরে দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।