কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করে মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে মোবারক হোসেন নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিকল্পনা বাস্তবায়নের আগেই ব্রাহ্মণপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি ব্রাহ্মণপাড়ায় মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন।
মোবারক চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের নেতা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও পলাতক আওয়ামী লীগ নেতা মোবারক আলীর ব্যক্তিগত সহকারী ছিলেন। ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ ফারুক হোসেন বলেন, বায়েজিদ ও ব্রাহ্মণপাড়ার দুটি ঠিকানা ব্যবহার করে তিনি দীর্ঘদিন নিষিদ্ধ সংগঠনের পক্ষে গোপন সভা পরিচালনা করতেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণপাড়ায় ছাত্রলীগের নেতাকর্মীদের সুসংগঠিত করে ঝটিকা মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছিলেন মোবারক। বায়েজিদের স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সাবেক কাউন্সিলরের পিএস পরিচয়ে তিনি আগে বিএনপি, জামায়াত, ছাত্রদল, যুবদল ও শিবিরের নেতাকর্মীদের নির্যাতন করেছেন। তারা জানান, ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরে নিষিদ্ধ সংগঠনের একটি মিছিলেও তাকে দেখা গেছে।