অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক গ্রেপ্তার অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। রমজান মাস শুরু হওয়ার পর থেকে ১০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে নারী, শিশু এবং পূর্বে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরাও রয়েছেন। ১৮ ফেব্রুয়ারি থেকে জেরুজালেমসহ পশ্চিম তীরের বিভিন্ন স্থানে অভিযান জোরদার করা হয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ রমজানের সাজসজ্জা নিষিদ্ধ করেছে এবং পবিত্র মাসের উদ্যাপন সীমিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে রমজানের প্রথম জুমার নামাজ আদায়ে ফিলিস্তিনি মুসল্লিদের বাধা দেয় ইসরাইলি কর্তৃপক্ষ, যদিও তাদের কাছে অনুমতিপত্র ছিল। অধিকার গোষ্ঠীগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে ৯,৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি ইসরাইলি কারাগারে বন্দি, যার মধ্যে ৩৫০ জন শিশু। গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে বন্দিদের খাবার সীমিত করা হয়েছে এবং তাদের নামাজ ও কুরআন পড়ার অধিকারও হরণ করা হয়েছে।
ফিলিস্তিনি ও ইসরাইলি মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে যে নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার কারণে বহু বন্দি প্রাণ হারিয়েছেন।