মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বোবারতল সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে ৫২ বিজিবি ব্যাটালিয়ন। বৃহস্পতিবার রাত ১টার দিকে নিয়মিত টহলের সময় কামরুল আহমদ ও হাছনা বেগম লস্কর নামের স্বামী-স্ত্রীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। তারা কেন বাংলাদেশে প্রবেশ করেছিলেন তা এখনো জানা যায়নি।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, সীমান্তে যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবি তৎপর রয়েছে। অবৈধ অনুপ্রবেশ, মাদক, চোরাচালান ও মানবপাচার রোধে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এসব অপরাধের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।