স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নিরাপত্তা শুধু অভ্যন্তরীণ শক্তির ওপর নয়, বরং জাতির অর্জিত জ্ঞান, প্রজ্ঞা এবং আন্তর্জাতিক সীমানার স্থিতিশীলতার ওপরও নির্ভর করে। বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটির স্বাধীনতা অডিটোরিয়ামে ‘নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তা’ শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিবিহীন নিরাপত্তা কখনও বৈশ্বিক স্থিতিশীলতা আনতে পারে না। প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তারের কারণে নতুন নেতৃত্ব তৈরিতে বিনিয়োগের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। তার মতে, এটি জাতির ভবিষ্যৎ নির্মাণে দায়িত্বশীলতার প্রমাণ দেবে এবং জনগণের আস্থা ও ভরসাকে আরও দৃঢ় করবে।
সম্মেলনে নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও সুইডেনের বক্তারা অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলমসহ শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও অতিথিরা উপস্থিত ছিলেন।