জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, দুই-তৃতীয়াংশ আসন পাওয়ার পর বিএনপি গণভোটের প্রস্তাব থেকে সরে গিয়ে জনগণের কাছে দেয়া ওয়াদা ভঙ্গ করেছে। শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের নাফিস কনভেনশন সেন্টারে জামায়াত আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, বিএনপির এই অবস্থান পরিবর্তনের ফলে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে এবং জনগণের আস্থা নষ্ট হয়েছে।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী জনগণই ক্ষমতার উৎস হলেও তাদের মতামত উপেক্ষা করা হচ্ছে। গণভোটের পক্ষে জনসমর্থন থাকা সত্ত্বেও তা অগ্রাহ্য করা হচ্ছে, যা ফ্যাসিবাদের সূচনা বলে তিনি মন্তব্য করেন। তিনি বর্তমান ও সাবেক মজলুমদের ঐক্যবদ্ধ হয়ে জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার বাস্তব পরিস্থিতি গোপন করছে এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তেল বেশি দামে বিক্রি হচ্ছে। তিনি সব রাজনৈতিক দলকে নিয়ে আলোচনার আহ্বান জানান। এছাড়া স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ ও হোমক্লাস চালুর সমালোচনা করে তিনি বলেন, এগুলো জনগণের অধিকার ও শিশুদের মেধার জন্য ক্ষতিকর। তিনি জানান, ৪ এপ্রিল থেকে ১১ দলীয় ঐক্যের মাঠ পর্যায়ের কর্মসূচি শুরু হবে।