রোববার স্থানীয় সময় সকাল ৮টায় থাইল্যান্ডে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে সংস্কারপন্থি, সামরিক-সমর্থিত রক্ষণশীল ও জনতাবাদী—এই তিন ধারার রাজনৈতিক শক্তি প্রতিদ্বন্দ্বিতা করছে। একই সঙ্গে সংবিধান পরিবর্তন বিষয়ে একটি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১ ফেব্রুয়ারি শুরু হওয়া আগাম ভোটে ইতোমধ্যে ২২ লাখের বেশি ভোটার ভোট দিয়েছেন।
ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধি ও তীব্র জাতীয়তাবাদী আবহের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যদিও ৫০টিরও বেশি দল প্রতিদ্বন্দ্বিতা করছে, বাস্তবে পিপলস পার্টি, ভূমজাইথাই ও ফেউ থাই—এই তিনটি দলই দেশজুড়ে সংগঠন ও জনপ্রিয়তার কারণে সরকার গঠনের মতো অবস্থানে রয়েছে। এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৫ কোটি ৩০ লাখ।
জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে যে ৫০০ আসনের সংসদে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, তবে নাথাফং রুয়াংপানইয়াওয়ুতের নেতৃত্বাধীন সংস্কারপন্থি পিপলস পার্টি সবচেয়ে বেশি আসন পাওয়ার দৌড়ে এগিয়ে আছে।