মিশিগান থেকে ডেমোক্র্যাট আবদুল আল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের সিনেটর নির্বাচিত হওয়ার পর তার স্ত্রী মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ড. সারাহ জুকাকু আলোচনায় এসেছেন। সূত্র অনুযায়ী, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেট সদস্য নির্বাচিত হন। মিশিগানে জন্ম নেওয়া সারাহ অ্যান আরবারে ব্যক্তিগত চিকিৎসাপ্রতিষ্ঠানের মাধ্যমে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন এবং স্বামীর রাজনৈতিক পথচলায় সমর্থন দিয়ে আসছেন।
সারাহ ইউনিভার্সিটি অব মিশিগানে স্নাতক পড়াশোনা শেষ করেন এবং ২০১৫ সালে কলাম্বিয়া ইউনিভার্সিটির ভ্যাগেলোস কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস থেকে চিকিৎসাবিজ্ঞানে ডিগ্রি নেন। পরে কর্নেল ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব মিশিগানে মনোরোগবিদ্যার প্রশিক্ষণ ও রেসিডেন্সি সম্পন্ন করেন। তাঁর পরিবারের শিকড় ভারতের কর্ণাটকের উত্তর কন্নড় জেলার ভাটকালে। তাঁর ফুফু আলিয়া নাজনীন জুকাকু দ্য ওয়্যারকে বলেন, আবদুলের জয়ে পরিবার খুব আনন্দিত।
ইউনিভার্সিটি অব মিশিগানে পড়ার সময় সারাহ ও আবদুলের পরিচয় হয় এবং ২০০৬ সালের মে মাসে তারা বিয়ে করেন। তাদের দুই মেয়ে এমালি ও সেরিন। ২ নভেম্বর ডেট্রয়েটের এক সমাবেশে সারাহ স্বামীর রাজনৈতিক সততা ও বক্তব্যের ধারাবাহিকতার প্রশংসা করেন। তিনি বলেন, করপোরেশন, ধনকুবের বা বিশেষ স্বার্থগোষ্ঠী আবদুলকে কী বলতে বা করতে হবে তা নির্ধারণ করতে পারে না।