সীমিত আয়ের মানুষের করের চাপ কমাতে সরকার ২০২৬–২৭ ও ২০২৭–২৮ অর্থবছরে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করার পরিকল্পনা করছে। একই সঙ্গে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব থেকেও সরকার সরে আসতে পারে। সংশ্লিষ্টদের মতে, এমন শর্ত আর্থিক অন্তর্ভুক্তির পথে বাধা সৃষ্টি করতে পারে।
সূত্র জানায়, ২০২৮–২৯ ও ২০২৯–৩০ অর্থবছরে করমুক্ত আয়সীমা ৪ লাখ ৫০ হাজার এবং ২০৩০–৩১ অর্থবছরে ৫ লাখ টাকায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। জাতীয় সংসদে অর্থবিল–২০২৬ পাসের আগেই এসব সংশোধনী অন্তর্ভুক্ত হতে পারে। বর্তমানে করমুক্ত আয়সীমা বছরে সাড়ে ৩ লাখ টাকা, আর প্রস্তাবিত বাজেটে তা ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব ছিল।
এ ছাড়া সোনা বিক্রির মূলধনী লাভ কর ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার বিষয়টি বিবেচনায় রয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে লেনদেনে ০.২ শতাংশ অগ্রিম আয়কর অপরিবর্তিত থাকতে পারে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ও আইসিটি শিক্ষাপ্রতিষ্ঠানের করহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।