কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের পৃথক অভিযানে ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বৃহস্পতিবার, ১২ নভেম্বর বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবি। নৌকা থেকে সাত থেকে আটজন কারবারি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে কেওড়া বনে অবস্থান নেয় বলে বিজিবি জানায়। স্পিডবোটে টহল দল এগোলে তারা গুলি চালায় এবং বিজিবি পাল্টা গুলি চালায়। পরে কারবারিরা নৌকায় করে মিয়ানমারে পালিয়ে যায়; ঘটনাস্থল থেকে ১০টি বস্তায় ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই রাতে পালংখালী বিওপির আঞ্জুমানপাড়া এলাকায় মো. রমজান আলীকে আটক করে তাঁর কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। হোয়াইক্যং চেকপোস্টে মো. হোসাইনকে আটক করে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার হয়। বিজিবি জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে।