চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের মেয়াদ আজ রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ শেষ হচ্ছে। আগামীকাল সোমবার থেকে সিটি করপোরেশন কীভাবে পরিচালিত হবে তা এখনো ঘোষণা করেনি সরকার। নতুন নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসা ডা. শাহাদাত জানিয়েছেন, দল চাইলে তিনি আবারও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনে মেয়াদ শেষের ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা থাকলেও নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হয়েছে।
নতুন সরকার শপথ নেওয়ার পরপরই স্থানীয় সরকার মন্ত্রণালয় ঢাকা ও চট্টগ্রামসহ সব সিটি করপোরেশনে দ্রুত নির্বাচন আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল মেয়র ও কাউন্সিলর প্রার্থী নিয়ে প্রস্তুতি শুরু করেছে। নির্বাচন কমিশনকে প্রস্তুতির জন্য মন্ত্রণালয় থেকে চিঠিও পাঠানো হয়েছে।
সূত্র জানিয়েছে, সরকার স্থানীয় সরকার আইনের ৬ নম্বর ধারা অনুযায়ী নির্বাচন না হওয়া পর্যন্ত ডা. শাহাদাতকে বহাল রাখার বিষয়টি বিবেচনা করছে। অন্যদিকে জামায়াত ও এর জোটভুক্ত দলগুলো এখনো সিদ্ধান্ত নেয়নি তারা যৌথভাবে না এককভাবে নির্বাচনে অংশ নেবে।