কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছরের এইচএসসি বিএম-ভোকেশনাল পরীক্ষায় পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী। শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের উদ্বোধন করেন।
গত বছর বিএম-ভোকেশনাল পরীক্ষায় পাসের হার ছিল ৬২ দশমিক ৬৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬১০ জন। অর্থাৎ পাসের হার কমলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ; পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন, যার মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। সারা দেশে ২ হাজার ৭৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হয় ২ জুলাই এবং শেষ হয় ৮ আগস্ট। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পিছিয়ে ৯ সেপ্টেম্বর শেষ হয়। ফল ওয়েবসাইট, কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসে প্রকাশ করা হয়।