প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সরকারি ছুটির দিনেও তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করেছেন। সকাল সোয়া ১০টার দিকে তিনি গুলশানের বাসা থেকে রওনা হয়ে কার্যালয়ে পৌঁছান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এদিন প্রধানমন্ত্রীর কর্মসূচিতে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় অন্তর্ভুক্ত ছিল।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চান। সভায় উপদেষ্টা মির্জা আব্বাস, ইসমাইল জবিহউল্লাহ, রাশেদ হুমায়ুন কবির, রাশেদ আল মাহমুদ তিতুমীর, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম শামসুল ইসলাম, জাহের উর রহমান ও মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, বিকেলে প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতারে যোগ দেবেন। গত ১৭ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতি শনিবার সরকারি ছুটির দিনেও অফিস করছেন।