নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে রংপুর বিভাগের চ্যাম্পিয়ন ফুটবল দলের স্ট্রাইকার কিসকুর মাকে নতুন মোবাইল ফোন ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ৩১ জুলাই মিরপুরে প্রতিমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এই সহায়তা তুলে দেওয়া হয়। কিসকু গণমাধ্যমে বলেছিল, মায়ের কাছে ফোন থাকলে সে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ তাঁর সঙ্গে ভাগ করে নিতে পারত।
গণমাধ্যমে কিসকুর আকুতির কথা জানার পর প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে কাজের সন্ধানে ঢাকায় আসা কিসকুর মাকে শুরুতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি প্রচারিত হওয়ার পর প্রতিমন্ত্রী দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন এবং কর্মকর্তাদের প্রচেষ্টায় তাঁর সন্ধান মেলে।
কিসকুর মা এখনো স্থায়ী কাজ পাননি বলে জানানো হয়েছে। মানবিক দিক বিবেচনায় তাঁকে একটি স্থায়ী চাকরির ব্যবস্থা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে তিনি নিজের ও সন্তানের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারেন। প্রতিমন্ত্রী আরও জানান, ২৭ জুলাই শেষ হওয়া আসরে পুরস্কৃত সব খুদে ক্রীড়াবিদ ও তাদের অভিভাবককে রাষ্ট্রীয় বাসভবন যমুনায় নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে। তথ্য সংগ্রহ শেষে প্রধানমন্ত্রীর সময়সূচি অনুযায়ী আয়োজনটি হবে।