সাবেক মার্কিন নৌ কর্মকর্তা ও কিলওয়েন গ্রুপের চেয়ারম্যান হারলান উলম্যান সতর্ক করেছেন যে, হরমুজ প্রণালি সংকট নিরসনে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ যদি সুপরিকল্পিত না হয়, তবে তা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই মিশনের ঝুঁকি অত্যন্ত বেশি এবং ইরান যদি প্রতিরোধের সিদ্ধান্ত নেয়, তাহলে পরিস্থিতি বিপজ্জনক দিকে মোড় নিতে পারে।
উলম্যান বলেন, ইরানের কাছে বিপুলসংখ্যক ড্রোন ও ছোট যুদ্ধজাহাজ রয়েছে, যা এই অভিযানকে কঠিন করে তুলতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, কোনো মার্কিন যুদ্ধজাহাজ আক্রান্ত হলে যুক্তরাষ্ট্রের সামনে পাল্টা আঘাত করা ছাড়া আর কোনো পথ থাকবে না। তিনি আশা করেন, ট্রাম্পের এই ঘোষণা ইরান ও মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে সমন্বিত একটি কূটনৈতিক উদ্যোগের অংশ।
তার মতে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘমেয়াদি কূটনৈতিক আলোচনা শুরু করাই একমাত্র সমাধান। তিনি জোর দিয়ে বলেন, বোমাবর্ষণ নয়, আলোচনার মাধ্যমেই বৈশ্বিক অর্থনৈতিক স্থিতি রক্ষা সম্ভব।