মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীকে নিয়ে বিরোধীদের ‘ঔদ্ধত্যপূর্ণ’ বক্তব্য বাংলাদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন দাবি করেন, জুলাই হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার ফাঁসির আদেশের পর দেশে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চলছে। তাঁর মতে, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের রেখে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠান এবং পরিবহন খাত কারা নিয়ন্ত্রণ করছে এবং সেই অর্থ রাষ্ট্রবিরোধী সহিংসতায় ব্যবহৃত হচ্ছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
বিরোধী দলকে সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অস্বীকার করা শক্তি জনগণের ভোটে সংসদে এসেছে বলে তাদের সম্মান দেওয়া হচ্ছে। তবে তাঁর অভিযোগ, তারা লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী ফ্যাসিবাদের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো কথা বলছে না। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদের পাহারাদার হওয়ার জন্য বিএনপি রাজনীতি করে না।