রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে। সোমবার, ১২ অক্টোবর বিকেল ৫টা ২১ মিনিটে ফেসবুক পোস্টে দেওয়া এ বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালনের অনুরোধ জানানো হয়।
দূতাবাস জানায়, চলমান পরিস্থিতি নিয়ে কোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ হতে পারে। তাই সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ফেসবুক, ইউটিউব ও এক্সসহ সামাজিক মাধ্যমে ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য প্রচার, মোবাইলে সংরক্ষণ এবং পারস্পরিক আদান-প্রদান থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে।
বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে। তথ্যের জন্য শ্রম-সংক্রান্ত টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৫, পাসপোর্ট-সংক্রান্ত ৮০০১০০০১২৬, ডিপ্লোম্যাটিক উইংয়ের ৮০০১০০০১২৪ এবং মৃত্যু-সংক্রান্ত হটলাইন +৯৬৬৫৭০২১২১৮০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নিয়মিত হালনাগাদ তথ্যের জন্য দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণের অনুরোধ জানানো হয়।