অধ্যাপক ড. একরামুল হক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ১৫ মে ২০২৬ তারিখে বুয়েটের ১৬তম উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
অধ্যাপক ড. একরামুল হক দেশের উচ্চশিক্ষা ও প্রকৌশল গবেষণার অঙ্গনে সুপরিচিত এক নাম। তিনি ১৯৮৯ সালে বুয়েট থেকে পুরকৌশলে বিএসসি ডিগ্রি অর্জন করে একই বছর প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ১৯৯২ সালে সহকারী অধ্যাপক, ১৯৯৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৫ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০১৭ সাল থেকে তিনি গ্রেড ১ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে বুয়েটের ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশন (বিআরটিসি)-এর পরিচালক হিসেবে দায়িত্বে আছেন।
তিনি ১৯৯৬ সালে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং আন্তর্জাতিক জার্নালে ৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। তার নেতৃত্বে বুয়েট শিক্ষা, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতায় আরও অগ্রগতি অর্জন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।