স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ পুলিশের কাজে হস্তক্ষেপ করতে পারবে না এবং কেউ অবৈধভাবে বাধা দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, রাজনৈতিক বা সামাজিক যেকোনো পক্ষই পুলিশের বৈধ কাজে বাধা দিতে পারবে না এবং পুলিশের কার্যক্রম এমনভাবে পরিচালিত হবে যাতে জনভোগান্তি না হয়। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার বাস্তবে পুলিশকে জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ শুরু করেছে। বিগত ফ্যাসিবাদী সরকারের সময় রাজনৈতিক হস্তক্ষেপে পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ফ্যাসিবাদী সময়ের ক্ষতি কাটিয়ে দেশকে পুনর্গঠনের কাজ চলছে এবং গণঅভ্যুত্থান-পরবর্তী জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। তিনি বিভিন্ন বিভাগে গিয়ে কর্মকর্তাদের উৎসাহ ও দিকনির্দেশনা দেওয়ার পরিকল্পনার কথাও জানান।