বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ বলেছেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন বাংলাদেশের সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই সংগ্রামের অবিসংবাদিত নেতা। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি মওলানা ভাসানীর ৫৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত হয়। ড. মাহবুব উল্লাহ বলেন, ভাসানী ছিলেন এমন এক নেতা যিনি রাজনীতির ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করতে পারতেন এবং কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের পক্ষে আজীবন কথা বলেছেন।
তিনি বলেন, মওলানা ভাসানী কখনো রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেননি, তবে তিনি ক্ষমতার নিয়ন্ত্রক ছিলেন। শেখ মুজিবুর রহমান, কাজী জাফর আহমেদ ও মশিউর রহমান যাদু মিয়াসহ যাদের তিনি নেতা বানিয়েছিলেন, তাদের অনেকেই পরবর্তীতে রাষ্ট্রক্ষমতায় আসেন। ভাসানীর মৃত্যুর ৪৯ বছর পরও তার কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি বলে তিনি মন্তব্য করেন। রাজনীতিবিদদের ভাসানীর জীবন ও দর্শন অধ্যয়নের আহ্বান জানান তিনি এবং তরুণ প্রজন্মের মাঝে তার আদর্শ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন।
সভায় সভাপতিত্ব করেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। বিএনপি উপদেষ্টা এড. নজমুল হক নান্নু, মোয়াজ্জেম হোসেন আলাল ও ড. আবু ইউসুফ সেলিমসহ আরও অনেকে বক্তব্য রাখেন।