ইসরাইলি কর্তৃপক্ষ আসন্ন রমজানে অধিকৃত পূর্ব জেরুসালেমে অবস্থিত মসজিদুল আকসায় মুসল্লিদের প্রবেশ সীমিত করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন জেরুসালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ ইকরিমা সাবরি। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চলতি বছরের জানুয়ারিতে মেজর জেনারেল অ্যাভশ্যালম পেলেদকে নতুন পুলিশ কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়ার মধ্যেই এই পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। এই নিয়োগকে উগ্রপন্থি ইসরাইলি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের মসজিদুল আকসা নিয়ন্ত্রণের পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
শেখ সাবরি জানান, ইসরাইলি কর্তৃপক্ষ ইতোমধ্যেই তরুণ মুসল্লিদের মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে এবং অধিকৃত পশ্চিম তীরের মুসল্লিদের জন্যও নিষেধাজ্ঞা শিথিল করা হবে না বলে জানিয়েছে। তার মতে, এতে আগের বছরের তুলনায় এবার মসজিদুল আকসায় মুসল্লিদের উপস্থিতি কমে যাবে, যা প্রার্থনার স্বাধীনতার পরিপন্থী এবং মুসলমানদের রমজান উদযাপনকে বাধাগ্রস্ত করবে।
ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, বেন-গভির এমন পদক্ষেপ নিচ্ছেন যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে।