সৌদি আরবের স্কুলের পাঠ্যবই থেকে “মুসলমানরা কখনো জেরুজালেম ছাড়বে না” বাক্যটি বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলভিত্তিক পাঠ্যক্রম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ইমপ্যাক্ট-সী। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সৌদি পাঠ্যবই পর্যালোচনায় এ পরিবর্তনের তথ্য উঠে এসেছে। একাদশ শ্রেণির আরবি ভাষার বইয়ের ২০২৩-২৪ সংস্করণে বাক্যটি ছিল, কিন্তু ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী সংস্করণে তা পুরোপুরি বাদ দেওয়া হয়।
পর্যালোচনায় বলা হয়েছে, ইসরাইল ও ইহুদিদের বিষয়ে ব্যবহৃত কিছু ভাষাতেও পরিবর্তন আনা হয়েছে। কোথাও “জায়নবাদী শত্রু”র পরিবর্তে “ইসরাইলি দখলদারত্ব” ব্যবহার করা হয়েছে। কয়েকটি মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম সরানো হয়েছে বা কিছু এলাকা নামহীন রাখা হয়েছে। ধর্মীয় ও সংখ্যালঘু গোষ্ঠী নিয়ে আগের কিছু কঠোর ভাষাও বাদ বা পরিবর্তন করা হয়েছে।
ইমপ্যাক্ট-সীর মতে, এসব সংশোধনে সহাবস্থান, সহনশীলতা ও মধ্যপন্থার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যদিও কিছু বিতর্কিত বিষয় এখনো রয়ে গেছে। পরিবর্তনগুলো সৌদি-ইসরাইল সম্পর্ক নিয়ে আলোচনা তৈরি করেছে। তবে সৌদি আরব প্রকাশ্যে বলছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করার নিশ্চয়তা ছাড়া তারা ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না।