সুদানের দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালার একটি বাজারে সোমবার সামরিক ড্রোন হামলায় শতাধিক মানুষ নিহত ও ১১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স। সংগঠনটির ভাষ্য, নিহতদের অধিকাংশ নারী ও শিশু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, র্যাপিড সাপোর্ট ফোর্সেসের যোদ্ধাদের কাছে পণ্য বিক্রি করা কয়েকজন বেসামরিক ব্যবসায়ীও নিহত হয়েছেন।
অ্যাসোসিয়েটেড প্রেসকে দুই প্রত্যক্ষদর্শী বলেন, হামলার দিন সন্ধ্যায় বাজারে আরএসএফের শত শত যোদ্ধা জড়ো হয়েছিলেন। রাত আটটার দিকে ড্রোন হামলায় যোদ্ধাদের পাশাপাশি খাবার বিক্রি করা নারীরাও নিহত হন বলে একজন জানান। প্রতিশোধের আশঙ্কায় তাঁরা নাম প্রকাশ করেননি। ত্রাণকর্মী মুবারক বেখেইত বলেছেন, অনেক মানুষ এখনো নিখোঁজ এবং বেসামরিক এলাকায় আঘাত লাগায় কিছু বাড়ি থেকে লাশ উদ্ধার করা যায়নি।
সীমিত তথ্যের কারণে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। সুদান ডক্টরস নেটওয়ার্ক প্রাথমিকভাবে ২১ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হওয়ার তথ্য দিয়েছে। এমএসএফ জানায়, দ্বিতীয় হামলার পর তাদের সহায়তায় পরিচালিত হাসপাতালে ৩৬টি লাশ নেওয়া হয় এবং দেড় শতাধিক আহতকে চিকিৎসা দেওয়া হয়। সংস্থাটি হামলার নিন্দা করে বেসামরিক মানুষ সুরক্ষার আহ্বান জানিয়েছে।