সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাতে ডিবির একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, বর্তমানে তিনি ডিবি হেফাজতেই রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিবি কর্মকর্তারা বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত জানাতে পারবেন। তবে তাদের ধারণা, সম্প্রতি গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, থানায় আগুন দেওয়া, অস্ত্র লুট এবং বিভিন্ন নাশকতার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাকে হেফাজতে নেওয়া হয়ে থাকতে পারে।
৩৩তম বিসিএস ব্যাচের কর্মকর্তা রাকিবুল হাসান ২০২৪ সালের ৫ আগস্টের আগে ডিবির লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ডিএমপির ডেমরা জোনে সহকারী পুলিশ কমিশনার ছিলেন। ৫ আগস্টের পর তাকে একটি জেলায় সংযুক্ত করা হয় এবং সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে সংযুক্ত ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।