পাবনার ভাঙ্গুড়া পৌরসভা ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য ১৮ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। সোমবার সকাল ১১টায় পৌরসভা সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিজানুর রহমান বাজেটটি ঘোষণা করেন। বাজেটে রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫ কোটি ৭৪ লাখ টাকা এবং উন্নয়ন ও প্রকল্প খাতে ১২ কোটি ৫০ লাখ টাকা, ফলে মোট সম্ভাব্য আয় দাঁড়িয়েছে ১৮ কোটি ২৪ লাখ টাকা।
অন্যদিকে, রাজস্ব খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩৮ লাখ ১৫ হাজার টাকা এবং উন্নয়ন ও প্রকল্প খাতে ব্যয় ১২ কোটি ৫০ লাখ টাকা, ফলে মোট সম্ভাব্য ব্যয় দাঁড়িয়েছে ১৭ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা। এতে ৩৫ লাখ ৮৫ হাজার টাকার উদ্বৃত্ত রাখা হয়েছে। বাজেট ঘোষণার সময় পৌর সচিব, নির্বাহী প্রকৌশলী, হিসাব রক্ষণ কর্মকর্তা, কর আদায়কারীসহ পৌর কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক জানান, বাজেটে নাগরিক সেবার মানোন্নয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক ও ড্রেনেজ উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, শহর আলোকিতকরণ ও সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণে গুরুত্ব দেওয়া হয়েছে এবং অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে জনবান্ধব বাজেট প্রণয়ন করা হয়েছে।